মো:শাহজালাল সুমন, তুরাগ ঢাকা: ঢাকা মহানগর উত্তর তুরাগ থানা বিএনপি'র যুগ্ন আহবায়ক ৫৩ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী হাজী চান মিয়া বেপারীর আয়োজনে প্রায় এক হাজার রোজাদার ব্যক্তিদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। বুধবার রাজধানীর তুরাগ ৫৩ নং ওয়ার্ডের রানাভোলা ইসলামাবাদ জামে মসজিদ প্রাঙ্গণে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে আয়োজিত এই ইফতার মাহফিলে স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। ইফতার বিতরণ প্রসঙ্গে চানমিয়া বেপারী বলেন, ধর্মীয় ও সামাজিক কার্যক্রমে সম্পৃক্ত থাকতে তিনি স্বাচ্ছন্দ্যবোধ করেন এবং মানুষের পাশে দাঁড়ানো তাঁর ব্যক্তিগত ভালো লাগা থেকে শুরু হলেও এখন এটি তাঁর নেশা ও দায়িত্বে পরিণত হয়েছে। তিনি জানান, এলাকার সাধারণ মানুষের পাশে থেকে কল্যাণমূলক কর্মকাণ্ড চালিয়ে যাওয়াই তাঁর লক্ষ্য এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। এদিকে ইফতার গ্রহণ করতে আসা শত শত রোজাদার বলেন, চানমিয়া বেপারী দীর্ঘদিন ধরে ৫৩ নং ওয়ার্ডে বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছেন। এলাকাবাসীর প্রত্যাশা, এমন মানবিক ও জনবান্ধব ব্যক্তিত্বকে কাউন্সিলর হিসেবে পেলে তারা সার্বক্ষণিক সহযোগিতা ও উন্নয়নমূলক উদ্যোগে আরও সুফল পাবেন। ইফতারের পূর্বে মাওলানা ও মসজিদের ইমাম পবিত্র কোরআন তেলাওয়াত ও মাহে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানাভোলা ইসলামাবাদ জামে মসজিদের সভাপতি আরিফ ইমাম পিনটু, তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক রিপন হাসান, খন্দকার বিপ্লব হোসেন, ৫৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সোহেল রানা,সহ-সভাপতিআবদুল সালামসহ স্থানীয় নেতৃবৃন্দ, মসজিদের ইমাম-খতিব ও মুসল্লিগণ। দোয়া ও মোনাজাতের মাধ্যমে মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে প্রায় এক হাজার রোজাদারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়