নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম।
দক্ষিণ চট্টগ্রামের পটিয়া উপজেলা-এর বেল্লাপাড়া খাল যেন এখন অবৈধ বালু উত্তোলনকারীদের স্বর্গরাজ্য।
বেল্লাপাড়া ব্রিজ সংলগ্ন এলাকায় ৪ মার্চ ২০২৬, বুধবার দুপুরে জাতীয় অনুসন্ধানী দৈনিক অপরাধ দমন পত্রিকার প্রতিনিধিরা সরেজমিনে তথ্য সংগ্রহ করতে গিয়ে দেখেছেন—দিনে-দুপুরে, আবার রাতের আঁধারেও ড্রেজার মেশিনের বিকট শব্দে কাঁপছে পুরো এলাকা।
বেল্লাপাড়া ব্রিজ-এর দুই পাড় দখল করে গড়ে উঠেছে বালুমহলের অঘোষিত সাম্রাজ্য। খালের বুক চিরে অবাধে চলছে বালু উত্তোলন, আর সড়কের পাশে স্তূপ করে রাখা হচ্ছে বালুর পাহাড়। স্থানীয়দের প্রশ্ন—প্রশাসনের নজরদারি কোথায়?
অনিয়ন্ত্রিত বালু উত্তোলনের ফলে খালের তীর ভেঙে বিলীন হচ্ছে বসতবাড়ি ও ফসলি জমি। নদীগর্ভের অস্বাভাবিক গভীরতা বৃদ্ধি, মাটির ক্ষয় এবং পরিবেশ বিপর্যয়ের আশঙ্কায় আতঙ্কিত এলাকাবাসী। কৃষকদের দাবি—আগের মতো ফলন মিলছে না, জমি হারাচ্ছে উর্বরতা।
স্থানীয়রা অভিযোগ করেন, একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরে জানানো হলেও বন্ধ হয়নি এই অবৈধ দৌরাত্ম্য। তারা মাননীয় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
এখন প্রশ্ন একটাই—বেল্লাপাড়ার এই অবৈধ বালু সাম্রাজ্য কি থামবে? নাকি ড্রেজারের গর্জনে হারিয়ে যাবে একটি সম্ভাবনাময় জনপদের ভবিষ্যৎ?
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়