ঝালকাঠি প্রতিনিধি:
পবিত্র রমজান মাস উপলক্ষে ঝালকাঠির কাঁঠালিয়ায় ১৬টি হাফেজিয়া মাদরাসা ও এতিমখানার মাঝে খেজুর বিতরণ করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১২ মার্চ) উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এসব প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে খেজুর তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মকবুল হোসেন, পিআইও মো. যোবায়ের হোসেন এবং সিনিয়র সাংবাদিক আব্দুল হালিম।
এ সময় ১৬টি মাদরাসা ও এতিমখানার প্রতিনিধিদের মাঝে মোট ১৬ কার্টন খেজুর বিতরণ করা হয়। প্রতিটি কার্টনে ছিল ৮ কেজি করে খেজুর। রমজান মাসে মাদরাসার শিক্ষার্থী ও এতিমদের ইফতারের জন্য সহায়তা হিসেবে এসব খেজুর দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মকবুল হোসেন বলেন, “পবিত্র রমজান মাসে এতিম ও মাদরাসার শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক দায়িত্ব। সরকার অসহায় ও এতিম শিশুদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। তাদের ইফতারের জন্য এ খেজুর বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”
খেজুর পেয়ে মাদরাসা কর্তৃপক্ষ ও শিক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করেন এবং এ উদ্যোগের জন্য উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়