মোঃ পলাশ সরকার:
গাজীপুর মহানগর প্রতিনিধি:
গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানার ৫৫নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায়, দরিদ্র ও নিম্নআয়ের মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে এ মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়।
শুক্রবার (১৩ মার্চ) দুপুরে টঙ্গীর মিলগেইট এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে এলাকার শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। এতে চাল, ডাল, সেমাই, চিনি ও অন্যান্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী অন্তর্ভুক্ত ছিল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টঙ্গী পশ্চিম থানা ৫৫নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমীর মোঃ মোক্তার হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পশ্চিম থানা জামায়াতে ইসলামীর আমীর মোঃ আনোয়ার হোসেন ভুইয়া।
এ সময় আরও উপস্থিত ছিলেন ৫৫নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর বায়তুল মাল সম্পাদক মোঃ মোস্তফা, সহকারী সেক্রেটারি মাওলানা মোরশেদ আলম, নুর নবী পারভেজ, নুর ইসলাম সুমন, আবু সাঈদ মোড়ল এবং বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীরা।
বক্তারা বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ ও ভ্রাতৃত্ববোধের বার্তা নিয়ে আসে। কিন্তু সমাজের অনেক মানুষ অর্থনৈতিক সংকটের কারণে ঈদের আনন্দ থেকে বঞ্চিত হয়ে থাকেন। তাই সেই সব অসহায় মানুষের পাশে দাঁড়াতে এবং তাদের মুখে হাসি ফোটাতে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এই ঈদ সামগ্রী বিতরণের আয়োজন করা হয়েছে।
তারা আরও বলেন, মানবিক ও সামাজিক দায়িত্ববোধ থেকে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে এবং সমাজের দরিদ্র ও অসহায় মানুষের কল্যাণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হবে।
অনুষ্ঠান শেষে উপস্থিত নেতৃবৃন্দ এলাকার অসহায় ও নিম্নআয়ের শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন। স্থানীয় বাসিন্দারা এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়