ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠি সদরের গাবখান ধানসিঁড়ি ইউনিয়নের সুলতানপুর গ্রামে এক পরিবারের বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।
মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী সেলিম হাওলাদার জানান, গভীর রাতে দুর্বৃত্তরা তার ঘরে রাখা খড়–কুটায় আগুন ধরিয়ে দেয়।
মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে বসতঘর ও দালানঘরের বিভিন্ন অংশে, ফলে ঘরের আসবাবপত্রসহ নানা মালামাল ক্ষতিগ্রস্ত হয়।
ঘটনার সময় সেলিম হাওলাদার ও তার স্ত্রী ঘরের ভেতরেই ঘুমিয়ে ছিলেন। হঠাৎ আগুনের তাপ ও ধোঁয়া টের পেয়ে তারা চিৎকার শুরু করলে আশপাশের লোকজন দ্রুত ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে খবর পেয়ে ঝালকাঠি ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, প্রায় তিন মাস আগে প্রতিপক্ষের কিছু লোকজন তাদের বাগানের একাধিক গাছ কেটে ফেলে। ওই ঘটনার জেরে পরিকল্পিতভাবে এই অগ্নিসংযোগ করা হয়ে থাকতে পারে বলে তাদের সন্দেহ।
এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সেলিম হাওলাদার।
তিনি জানান, এ বিষয়ে ঝালকাঠি সদর থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়