ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের হাজরাগাতী এলাকায় এক বিধবা নারীর বসতবাড়ি ও সম্পত্তি দখলের অভিযোগে প্রতিপক্ষের বিরুদ্ধে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে আদালতে মামলা দায়ের করা হয়েছে।
মামলার বাদী কলেজপড়ুয়া আফরোজা আক্তার তুবা জানান, তার পিতা মারা যাওয়ার পর মা, ভাই-বোনদের নিয়ে পৈত্রিক বসতভিটায় বসবাস করে আসছেন।
পিতা না থাকায় প্রতিপক্ষ দীর্ঘদিন ধরে তাদের সম্পত্তির প্রতি লোভ দেখিয়ে হুমকি-ধমকি ও নানা ধরনের হয়রানি করে আসছে বলে অভিযোগ করেন তিনি।
মামলা সূত্রে জানা যায়, গত ৬ মার্চ ২০২৬ বিকেল আনুমানিক ৪টার দিকে পূর্ব পরিকল্পিতভাবে স্থানীয় জামাল হোসেন ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে ভুক্তভোগীর বাড়িতে প্রবেশ করে হামলা চালায়।
এ সময় তারা ঘরের টিনের বেড়া কুপিয়ে, দরজা-জানালা ভাঙচুর করে এবং বাধা দিতে গেলে পরিবারের সদস্যদের মারধর করে গুরুতর আহত করে। অভিযোগ রয়েছে, হামলার সময় শ্লীলতাহানির ঘটনাও ঘটে।
এছাড়া হামলাকারীরা ঘরের আসবাবপত্র ভাঙচুর করে প্রায় এক লাখ টাকার ক্ষয়ক্ষতি করে এবং গাছপালা কেটে ফেলে। একই সঙ্গে ভুক্তভোগীর গলায় থাকা স্বর্ণের চেইনসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করে। মামলায় একাধিক প্রত্যক্ষদর্শী সাক্ষীর কথা উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় আফরোজা আক্তার তুবা বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন, যা বর্তমানে ঝালকাঠি ডিবি পুলিশ তদন্ত করছে। গত রবিবার মামলার বিষয়ে ডিবির উপ-পুলিশ পরিদর্শক মো. তারিকুল ইসলাম সাক্ষ্য গ্রহণ করেছেন।
ভুক্তভোগী তুবা বলেন, “আমার পিতা না থাকায় তারা আমাদের সম্পত্তি জোরপূর্বক দখল করতে চায়। আমরা এর সুষ্ঠু বিচার চাই।”
অন্যদিকে, অভিযুক্তদের পক্ষ থেকেও ঝালকাঠি সদর থানায় ভুক্তভোগী পরিবারের সদস্যদের বিরুদ্ধে পাল্টা মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে। এতে পরিবারের নারী সদস্য ও এক নাবালককেও আসামি করা হয়েছে বলে অভিযোগ।
স্থানীয়রা জানান, জমির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে উভয় পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। তারা বিষয়টির দ্রুত ও সুষ্ঠু সমাধানের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে অভিযুক্ত জামাল হোসেন দাবি করেন, নাসিমা বেগম একাধিক দাগে জমি ক্রয় করলেও ভোগদখল নিয়ে জটিলতার কারণে এ বিরোধের সৃষ্টি হয়েছে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়