মনির হোসেন জীবন : রাজধানী গুলশান থানা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশী মদসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব জানিয়েছে, আটক ব্যক্তির নাম মোঃ জাহাঙ্গীর আলম (৪৬)। এসময় তার নিকট থেকে প্রায় ৩৪ লক্ষ টাকা মূল্যের ৪১৮.৫ লিটার বিদেশী মদসহ একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
শুক্রবার দিবাগত গভীর রাতে গুলশান-১, রোড নং-০২, বাড়ী নং-২২ এর সামনে পাকা রাস্তার উপর চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান চালিয়ে মাদকের এ চালানটি জব্দ করা হয়েছে।
আজ শনিবার র্যাব-১, উত্তরা কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) শাহ আলম এ প্রতিবেদককে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গতকাল শুক্রবার (১০ এপ্রিল ২০২৬) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে র্যাব-১, সিপিসি-১, উত্তরার একটি চৌকস দল গোপন সংবাদ ও বিশস্ত সূত্রের মাধ্যমে জানতে পারে, রাজধানী ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে কতিপয় ব্যক্তি বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য নিয়ে প্রাইভেটকার যোগে গুলশানের দিকে আসবে। তাৎক্ষণিক আভিযানিক দলটি সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ঢাকার গুলশান থানার গুলশান-১, রোড নং-০২, বাড়ী নং-২২ এর সামনে পাকা রাস্তার উপর পৌঁছাইয়া টহল টিমের সহায়তায় চেকপোস্ট স্থাপন করে তল্লাশী কার্যক্রম পরিচালনা করাকালে একই রাত আনুমানিক ৩টা ২২ মিনিটের সময় একটি খয়েরী রংয়ের প্রাইভেটকারকে থামতে সংকেত দেয়। তখন ওই গাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে ৪১৮.৫ লিটার অবৈধ বিদেশী মদসহ আসামী মোঃ জাহাঙ্গীর আলম (৪৬)কে আটক করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্যের বাজারমূল্য প্রায় তেত্রিশ লক্ষ আটচল্লিশ হাজার টাকা।
র্যাব-১ এর (মিডিয়া অফিসার) শাহ আলম এ প্রতিবেদককে বলেন, আসামী জাহাঙ্গীর আলম দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য বিদেশী মদ রাজধানীর বিভিন্ন স্থানে ক্রয় - বিক্রয় করে আসছিল। সে বিভিন্ন সময় সুকৌশলে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অবৈধ মাদক দ্রব্য পরিবহন করে ঢাকা নগরীর বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ীদের নিকট সরবরাহ করে থাকে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতারকৃত আসামীকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)'র গুলশান থানায় হস্তান্তর করা হয়েছে। এব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান র্যাবের এ কর্মকর্তা।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়