সৈয়দ রুবেল, ঝালকাঠি জেলা প্রতিনিধি:
ঝালকাঠিতে জেলা পর্যটন উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ মমিন উদ্দিন।
সভায় জেলার পর্যটন খাতের সম্ভাবনা, বিদ্যমান সমস্যা এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে ধানসিঁড়ি নদী ও ধানসিঁড়ি পার্ককে কেন্দ্র করে পর্যটনের অপার সম্ভাবনা তুলে ধরা হয়। পাশাপাশি ভাসমান পেয়ারা বাগান, শীতল পাটি শিল্প এবং নৌভ্রমণকে জেলার অন্যতম আকর্ষণীয় পর্যটন উপাদান হিসেবে উপস্থাপনের ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, ঝালকাঠির প্রাকৃতিক সৌন্দর্য, নদীনির্ভর জীবনযাপন, গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতি দেশি-বিদেশি পর্যটকদের কাছে অনন্য আকর্ষণ সৃষ্টি করতে সক্ষম।
এ সম্ভাবনাকে কাজে লাগাতে জেলার বিভিন্ন পর্যটন স্পটে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতকরণ, পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং ব্যাপক প্রচার-প্রচারণার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পর্যটন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং জেলা পর্যটন উন্নয়ন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়