ঝালকাঠি প্রতিনিধি:
বস্তুনিষ্ঠ, সাহসী ও জনমুখী সাংবাদিকতার মাধ্যমে সমাজে সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতি প্রতিরোধ এবং গণমানুষের অধিকার রক্ষায় সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বক্তারা। একই সঙ্গে পেশাগত দক্ষতা বৃদ্ধি, পারস্পরিক সৌহার্দ্য ও সাংবাদিকদের মধ্যে ঐক্য বজায় রেখে জনকল্যাণে ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
রোববার (৫ জুলাই) বিকেল ৪টায় ঝালকাঠি রিপোর্টার্স ক্লাবের নিজস্ব কার্যালয়ে আয়োজিত পরিচিতি সভা, আলোচনা ও দোয়া-মিলাদ অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন।
সভাপতিত্ব করেন ঝালকাঠি রিপোর্টার্স ক্লাবের সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মো. নুরুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঝালকাঠি জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান, ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হোসেন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির ধর্মবিষয়ক সম্পাদক খলিলুর রহমান, ঝালকাঠি জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আজাদুর রহমান (আজাদ), দেশ বাংলা ফাউন্ডেশনের চেয়ারম্যান মিজানুর রহমান, বিশিষ্ট কবি আল আমিন বাঁকলাই এবং ঝালকাঠি জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সরদার গিয়াস উদ্দিন দিপুসহ অন্যান্য অতিথিরা।
এ সময় উপস্থিত ছিলেন রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ মেজবাহ উদ্দিন খান রতন, সহ-সভাপতি খন্দকার আমিনুর রহমান, দেলোয়ার হোসেন ও মোহাম্মদ আজিজুর রহমান বশির, তথ্যপ্রযুক্তি ও গবেষণা সম্পাদক হাসনাইন তালুকদার দিবস, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ মো. মাসুম খানসহ ক্লাবের নেতৃবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, একটি শক্তিশালী, স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম গণতান্ত্রিক সমাজব্যবস্থার অন্যতম প্রধান ভিত্তি।
সত্যনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে জনগণের আস্থা অর্জনের পাশাপাশি রাষ্ট্র ও সমাজের ইতিবাচক পরিবর্তনে সাংবাদিকদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। একই সঙ্গে নতুন প্রজন্মের সাংবাদিকদের দক্ষতা উন্নয়ন, পেশাগত নৈতিকতা চর্চা এবং সাংবাদিক সমাজের ঐক্য সুদৃঢ় করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।
সভা শেষে দেশ, জাতি, সাংবাদিক সমাজ এবং ঝালকাঠি রিপোর্টার্স ক্লাবের সার্বিক উন্নতি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়