মোঃ মিঠু মিয়া
গাইবান্ধা জেলা প্রতিনিধি:
গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, পুলিশ সুপার, গাইবান্ধার সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ১২ জুলাই ২০২৬ রাতে ফুলছড়ি থানার ৩ নম্বর উদাখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের উদাখালী কানিপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানকালে নিজ বসতবাড়ির খোলা বারান্দায় মাদক ক্রয়-বিক্রয়ের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে মাজহারুল ইসলাম (৪৬), পিতা—মৃত গাজিউর রহমান, গ্রাম—উদাখালী কানিপাড়া, থানা—ফুলছড়ি, জেলা—গাইবান্ধাকে আটক করা হয়।
পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ তল্লাশি করে পরিহিত প্যান্টের সামনের বাম পকেট থেকে একটি নীল রঙের জিপারযুক্ত প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটের ভেতর থেকে ১০৫ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়, যার মোট ওজন ১০ দশমিক ৫ গ্রাম।
এ ঘটনায় জব্দ তালিকা প্রস্তুত করে ফুলছড়ি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়