মিহিরুজ্জামান সাতক্ষীরাঃ
সাতক্ষীরায় মাদক, চোরাচালান, সীমান্ত অপরাধ, অনলাইন জুয়া এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাতক্ষীরায় সাংবাদিকদের সঙ্গে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মাদক ও অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ নীতির ঘোষণা দিয়ে আগামী এক সপ্তাহ ব্যাপী বিশেষ অভিযান পরিচালনার কথা জানিয়েছেন খুলনা রেঞ্জের ডি,আই,জি মো.মোস্তাফিজুর রহমান।
সোমবার (২৭ জুলাই) দুপুরে জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা রেঞ্জের ডি,আই,জি মো.মোস্তাফিজুর রহমান। এতে সভাপতিত্ব করেন, সাতক্ষীরার পুলিশ সুপার আবু সালেহ মো.আশরাফুল আলম। সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও মাদক পাচার, চোরাচালান, সীমান্তের অবৈধ ঘাট, ট্রাফিক ব্যবস্থাপনা, হত্যা, থানায় হয়রানির অভিযোগ, মব সন্ত্রাস, অনলাইন জুয়া এবং বিগত সরকারের সময়ের বিভিন্ন অভিযোগ নিয়ে খোলা মেলা আলোচনা হয়। এ সময় সাংবাদিকরা জেলার বিভিন্ন সমস্যা ও জনদুর্ভোগের বিষয় তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি মো.মোস্তাফিজুর রহমান বলেন, বর্তমান সরকার একটি গণতান্ত্রিক সরকার। এ সময়ে পুলিশ আরও দৃশ্যমান হবে এবং মানুষের আস্থা ও নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবে।
মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন,মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান হবে জিরো টলারেন্স। কোনো পুলিশ সদস্য মাদকের সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যারা মাদক ব্যবসায়ীদের আশ্রয়-প্রশ্রয় দেয়, তাদেরও আইনের আওতায় আনা হবে।
তিনি আরও বলেন, অনলাইন জুয়ার বিস্তার রোধে পুলিশ আরও সক্রিয় ভূমিকা পালন করবে। আইন বিরোধী কর্মকান্ডে জড়িত বিভিন্ন অনলাইন পেজ ও সংশ্লিষ্টদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সভায় সাতক্ষীরা জুড়ে এক সপ্তাহ ব্যাপী মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনার ঘোষণা দেওয়া হয়। পাশা পাশি সাংবাদিকদের উত্থাপিত বিভিন্ন সমস্যা গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন পুলিশ কর্মকর্তারা।
মতবিনিময় সভায় জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়