মোঃ ইসমাইল হোসেন (নীলফামারী প্রতিনিধি): ১৮ আগস্ট দুপুরে দলিল লেখকদের সাত দফা দাবি বাস্তবায়নের দাবিতে আইনমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন নীলফামারীর দলিল লেখকরা। জেলা প্রশাসকের মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করা হয়।
এর আগে শহরের শহীদ মিনার এলাকার দলিল লেখক সমিতির জেলা কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন দলিল লেখকরা। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে সমাবেশে মিলিত হয়।
বাংলাদেশ দলিল লেখক সমিতি নীলফামারী জেলা শাখার সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সাধারণ সম্পাদক গোলাম রব্বানী। এ সময় সমিতির সাবেক সভাপতি মো. আব্দুল্লাহ, দলিল লেখক আজগর আলী সরকার, ডিমলা উপজেলার দলিল লেখক মাসুদ রানাসহ অন্যরা বক্তব্য দেন।
স্মারকলিপিতে দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত না করা, দলিল লেখকদের সম্মানিক পাঁচ হাজার টাকা নির্ধারণ, লাইসেন্সপ্রাপ্ত দলিল লেখক ছাড়া অন্য কারও দলিল লেখার সুযোগ না দেওয়া এবং অনভিজ্ঞ ব্যক্তিদের লাইসেন্স প্রদান না করার দাবি জানানো হয়।
এ ছাড়া সরকারি খরচে দলিল লেখকদের বসার ব্যবস্থা ও নামাজের স্থান নির্ধারণ, দলিল লেখক কাউন্সিল গঠন এবং পেশাগত কারণে দলিল লেখকদের আসামি না করার দাবিও জানানো হয়েছে।
সমাবেশে সাধারণ সম্পাদক গোলাম রব্বানী বলেন, সাত দফা দাবি বাস্তবায়নের দাবিতে চলতি বছরের ৮ ফেব্রুয়ারি ঢাকায় সমাবেশ অনুষ্ঠিত হয়। ওই সমাবেশে বিএনপির নেতারাও দাবিগুলোর সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। এরপর দাবি বাস্তবায়নের লক্ষ্যে সারাদেশে লিফলেট বিতরণ ও সমাবেশ করা হয়েছে।
তিনি বলেন, “আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের দাবিগুলো মেনে নিয়ে দলিল লেখকদের পাশে দাঁড়াবেন।”
পরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুজহাত তাসনীম আওন দলিল লেখকদের স্মারকলিপি গ্রহণ করেন।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়