সেলিম রেজা তাজ, স্টাফ রিপোর্টার:
—অভিযান ও জব্দ:
যশোর সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে প্রায় ৯ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (৩০ আগস্ট) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্টের টহলদল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করে।
—জব্দ মালামাল:
জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ৮০টি ভারতীয় শাড়ি, ৯৭ কেজি ফুসকা, ২ দশমিক ৫ কেজি জিরা, ৪৭টি চকলেট, ৩ কেজি কিসমিস, ৪ প্যাকেট সনপাপড়ি, ৯টি চাটনী, ৬ প্যাকেট পেস্তাবাদাম এবং ৪৪৩টি কসমেটিক্স সামগ্রী। বিজিবির তথ্যমতে, জব্দ করা এসব মালামালের আনুমানিক মূল্য ৯ লাখ ৫৯ হাজার ৬৮০ টাকা।
বিজিবির বক্তব্য:
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালসহ পাচারচক্রের সদস্যদের আটকের লক্ষ্যে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।
তিনি বলেন, এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করা হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়