সেলিম রেজা তাজ, স্টাফ রিপোর্টার:
যশোর সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ১ লাখ ৭৯ হাজার ২০০ টাকা মূল্যের মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (১৪ সেপ্টেম্বর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর আমড়াখালী চেকপোস্ট ও বেনাপোল আইসিপির টহলদল সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব মালামাল আটক করে।
আটক মালামালের মধ্যে রয়েছে ৮ বোতল বিদেশি মদ, ৮ বোতল ESCUF SYRUP, ১৫টি শাড়ি, ২ প্যাকেট ফুচকা ও ৫টি কসমেটিকস সামগ্রী। এসব মালামালের আনুমানিক মূল্য ১ লাখ ৭৯ হাজার ২০০ টাকা।
৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালসহ পাচারকারী চক্র আটকের লক্ষ্যে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
তিনি বলেন, এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করা হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়