ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠি শহরের বিকনা স্টেডিয়াম সংলগ্ন এলাকায় বসবাসরত এক সংখ্যালঘু পরিবারের বসতভিটা নিয়ে বিরোধ ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন অর্চনা দাস নামে এক গৃহিণী।
রোববার (১৫ মার্চ) বিকেল ৫টায় জাতীয় সাংবাদিক সংস্থা ঝালকাঠি জেলা শাখার হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন এবং প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
লিখিত বক্তব্যে অর্চনা দাস জানান, তার স্বামী গোপাল চন্দ্র দাস পেশায় একজন বাবুর্চি ও চায়ের দোকানদার।
একমাত্র সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে দীর্ঘদিনের কষ্টার্জিত সঞ্চয় এবং আত্মীয়-স্বজনের কাছ থেকে ধার নিয়ে তিনি বিকনা স্টেডিয়াম সংলগ্ন এলাকায় একটি জমি ক্রয় করেন। পরবর্তীতে সেই জমিতে কাঠ ও টিন দিয়ে একটি ঘর নির্মাণ করে পরিবার নিয়ে বসবাস শুরু করেন।
তিনি বলেন, ক্রয়কৃত জমির রেকর্ড সংশোধন সংক্রান্ত একটি মামলা বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে। এ অবস্থায় ঘর নির্মাণের পর পার্শ্ববর্তী একটি পরিবার তাকে উচ্ছেদের উদ্দেশ্যে নানা ষড়যন্ত্র শুরু করে বলে তিনি অভিযোগ করেন।
অর্চনা দাসের দাবি, পার্শ্ববর্তী বাসিন্দা হাবিবুর রহমান মুন্সী ও তার সহযোগীরা ২০২৫ সালের ২ জুলাই তার অনুপস্থিতির সুযোগ নিয়ে পূর্বপরিকল্পিতভাবে ঘরে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে এবং বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে।
তিনি আরও বলেন, বসতঘরে আগুন দেওয়ার ঘটনার পরও প্রতিপক্ষরা বিভিন্ন সময়ে মৌখিক হুমকি দিয়ে তাকে আইনের আশ্রয় না নিতে চাপ সৃষ্টি করে। পরে উপজেলা প্রশাসনের সহায়তা এবং ব্যাংক ও এনজিও থেকে ঋণ নিয়ে তিনি আবার কাঠের খুঁটি দিয়ে নতুন একটি ঘর নির্মাণ করেন।
অর্চনা দাস অভিযোগ করেন, সম্প্রতি তার বিবাহিত মেয়ে শম্পা দাস শ্বশুরবাড়ি থেকে আত্মীয়দের নিয়ে তার বাড়িতে বেড়াতে এলে প্রতিপক্ষের উস্কানিতে কয়েকজন ব্যক্তি বাড়ির সামনে এসে অকথ্য ভাষায় গালাগাল ও মারধরের চেষ্টা করে। এ ঘটনায় তার মেয়ে শম্পা দাস ঝালকাঠি সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং–১৭৪) দায়ের করেছেন, যা বর্তমানে তদন্তাধীন রয়েছে।
তিনি বলেন, জিডি করার পর প্রতিপক্ষরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে এবং পরে কলেজ মোড় এলাকায় মানববন্ধন করে তাকে ও তার পরিবারকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করে। মানববন্ধনে তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে অর্চনা দাস সাংবাদিকদের মাধ্যমে প্রকৃত ঘটনা তুলে ধরার আহ্বান জানান এবং প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। পাশাপাশি তিনি ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
সংবাদ সম্মেলনের শেষে অর্চনা দাস উপস্থিত সকলের সুস্বাস্থ্য কামনা করেন।