মিলন কুমার বর্মন আদিতমারী(লালমনিরহাট)প্রতিনিধিঃ
লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের তালুক দুলালী বারঘড়ী গ্রামে জমি-সংক্রান্ত বিরোধের জেরে কুপিয়ে আহত হওয়া উজ্জ্বল মিয়া (২৬) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। এ ঘটনায় আদিতমারী থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।
নিহত উজ্জ্বল মিয়া ওই গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, গত ২ জুন ২০২৬ তারিখে নিজ বাড়ির সামনে জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলার শিকার হন তিনি। অভিযোগ রয়েছে, হামলাকারীরা ধারালো রামদা দিয়ে কুপিয়ে তাকে গুরুতর আহত করে।
আহত অবস্থায় প্রথমে তাকে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ৯ জুন (মঙ্গলবার) তিনি মৃত্যুবরণ করেন।
পরদিন ১০ জুন (বুধবার) নিজ গ্রামের বাড়িতে তার দাফন সম্পন্ন করা হয়।
স্বজনদের অভিযোগ, ঘটনার পর থেকে অভিযুক্তরা এলাকায় অবস্থান করে প্রভাব বিস্তারের চেষ্টা চালিয়ে যায়। তবে উজ্জ্বল মিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তারা আত্মগোপনে চলে যায়।
মামলায় অভিযুক্ত করা হয়েছে আলমগীর হোসেন ওরফে আনন্দ, সুজন মিয়া, আশরাফ আলী, সারোয়ার হোসেন সাগির, ফজলুল হক, সকিনা বেগম, খাদিজা বেগম, লাইলী বেগম, ফাতেমা বেগম ও সিদ্দিক মিয়াকে।
এ বিষয়ে আদিতমারী থানার এসআই আতাউর রহমান জানান, অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা নেওয়া হচ্ছে। তাদের দ্রুত আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।