টাঙ্গাইল সদর উপজেলার বাসারচর সরকারি প্রকল্পের টিউবওয়েলের পাশে গাঁজার গাছ চাষের অভিযোগে মো. বেলাল হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে টাঙ্গাইল সদর মডেল থানা পুলিশ।
রোববার (৮ আগস্ট ২০২৬) রাত ১০টা ৩০ মিনিটে টাঙ্গাইল সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন। এ সময় তার বসতঘরের ভেতরের দরজা দিয়ে ঢুকে টিউবওয়েলের পাশে গাঁজার গাছ লাগানো অবস্থায় এবং সবুজ পাতার তরতাজা দুটি গাঁজার গাছ উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।
গ্রেপ্তার বেলাল হোসেনের বয়স আনুমানিক ৪০ বছর। তিনি বাসারচর গুচ্ছগ্রামের ৩৮টি ঘরের সরকারি প্রকল্পের মধ্যে ৯২ নম্বর রুমের স্থায়ী বাসিন্দা। তার পিতার নাম মৃত সামছুল হক।
প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, নাম যাচাই সাপেক্ষে ও পুলিশের জিজ্ঞাসাবাদে বেলাল গাঁজা সেবনের কথা স্বীকার করেছেন বলে জানা গেছে। একই সঙ্গে তিনি দাবি করেছেন, নিজেই গাঁজার গাছ লাগিয়েছেন এবং গাছগুলো বড় হলে বিক্রি করার পরিকল্পনা ছিল।
তবে এ বিষয়ে টাঙ্গাইল সদর মডেল থানার পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। পুলিশের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, উদ্ধার করা গাঁজার গাছগুলো আকারে ছোট হওয়ায় প্রয়োজনীয় তথ্য-প্রমাণ যাচাই করে পরবর্তীতে বিস্তারিত বক্তব্য দেওয়া হতে পারে।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।
নিজস্ব প্রতিবেদক