হোলি আর্টিজানে হামলায় নিহত দুই পুলিশ সদস্যের ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ডিএমপিছবি: নুরুল আমিন
ঢাকা মহানগর পুলিশের কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) ও নব্য জেএমবি এখন আর নেই। তবে কিছু সুপ্ত বীজ রয়েছে।
আজ শনিবার রাজধানীর গুলশানে হোলি আর্টিজানে জঙ্গি হামলায় নিহত দুই পুলিশ সদস্যের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
নতুন কয়েকটি জঙ্গি সংগঠন সংগঠিত হওয়ার চেষ্টা করেছে বলে মন্তব্য করেন পুলিশ কমিশনার। তারা সারা দেশ থেকে তরুণদের পাহাড়ে নিয়ে সংগঠিত করার চেষ্টা করেছে বলেন তিনি। তবে পুলিশ ও র্যাবের ধারাবাহিক অভিযানে তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন।
ডিএমপি কমিশনার আরও বলেন, ‘আজ থেকে ৭ বছর আগে, ২০১৬ সালের ১ জুলাই হোলি আর্টিজানে বিদেশি নাগরিকদের অতর্কিতভাবে জঙ্গিরা জিম্মি করে। তাঁদের হত্যা করা হয়। এ সময় তাদের ঠেকাতে গিয়ে আমাদের দুজন জ্যেষ্ঠ পুলিশ সদস্য শহীদ হন। আজকেও আমাদের মনে এটা দগদগে ঘায়ের মতো জ্বলে।’
দেশি-বিদেশি আন্তর্জাতিক চক্রান্তে বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে স্তব্ধ করতে ২০১৫-১৬ সালে বিভিন্ন জঙ্গি হামলা ঘটানো হয় বলে মন্তব্য করেন ডিএমপি কমিশনার। হোলি আর্টিজানে হামলার পর উন্নয়ন সহযোগীরা উন্নয়নকাজ বন্ধ করে ভয়ে দেশ ছেড়ে চলে যেতে থাকেন বলেন তিনি।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম খবর