, বিশেষ প্রতিনিধি
নরসিংদীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪০০ গ্রাম গাঁজাসহ ৪ জনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার (১৫ এপ্রিল ২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে তাদের আটক করা হয়।
জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নরসিংদীর উপপরিচালক মোহাম্মদ হাবীব তৌহিদ ইমামের সার্বিক নির্দেশনায় এবং পরিদর্শক মিজ সাহিদা বেগমের নেতৃত্বে একটি রেইডিং টিম গঠন করা হয়। পরে নরসিংদী মডেল থানাধীন জিরো পয়েন্ট এলাকায় সড়কের ওপর অভিযান পরিচালনা করে ৪০০ গ্রাম গাঁজাসহ চারজনকে হাতেনাতে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মোঃ মোমেন মিয়া (৩২), মোঃ বারেক মিয়া (৫০), মোঃ আরিফুল হক (৪৫) এবং মোঃ রোজিনা বেগম (৪০)।
অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়, নরসিংদীর বিজ্ঞ সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান পাটোয়ারী এবং সারোয়ার আলম। আদালত প্রত্যেক আসামিকে ৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা করে মোট ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
পরবর্তীতে দণ্ডপ্রাপ্তদের নরসিংদী জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।