ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকা সাব-রেজিস্ট্রার আনোয়ারুল হাসানের খামখেয়ালী ও অহংকারী আচরণের প্রতিবাদে এবং তাঁর প্রত্যাহারের দাবিতে অনির্দিষ্টকালের জন্য কলম বিরতি পালন করছেন স্থানীয় দলিল লেখক সমিতি।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, গতকাল ৭ সেপ্টেম্বর (সোমবার) অফিস চলাকালীন সময়ে প্রায় ২০টি দলিলের যাবতীয় লেনদেন ও প্রক্রিয়া সম্পন্ন হওয়া সত্ত্বেও সাব-রেজিস্ট্রার আনোয়ারুল হাসান সেগুলোতে স্বাক্ষর বা রেজিস্ট্রেশন না করেই হঠাৎ অফিস ত্যাগ করেন। এতে দূর-দূরান্ত থেকে আসা সেবাগ্রহীতারা চরম ভোগান্তি ও আর্থিক ক্ষতির মুখে পড়েন। বিষয়টি নিয়ে উপস্থিত গ্রাহক ও দলিল লেখকদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়ে।
সেবাগ্রহীতাদের অভিযোগ, সাব-রেজিস্ট্রারের দায়িত্বহীনতা ও অহংকারী আচরণের কারণে সাধারণ মানুষ প্রতিনিয়ত সেবা নিতে এসে হয়রানির শিকার হচ্ছেন। গতকালের ঘটনার পর দলিল লেখক সমিতি ও ক্ষুব্ধ গ্রাহকেরা একজোট হয়ে এ অন্যায়ের প্রতিবাদ জানান এবং অফিস চলাকালীন কাজ বন্ধ রেখে ‘কলম বিরতি’ কর্মসূচি ঘোষণা করেন।
ভালুকা দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ জানান, “জনস্বার্থবিরোধী ও খামখেয়ালীমূলক আচরণ একজন দায়িত্বশীল সরকারি কর্মকর্তার কাছ থেকে কোনোভাবেই কাম্য নয়। উক্ত সাব-রেজিস্ট্রারের অবিলম্বে প্রত্যাহার না হওয়া পর্যন্ত আমাদের এই কলম বিরতি আন্দোলন অব্যাহত থাকবে।”
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ ও উক্ত কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ও ভুক্তভোগী সাধারণ জনগণ।