মোঃ ইসমাইল হোসেন (নীলফামারী প্রতিনিধি): বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে নীলফামারীতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
১৯ আগস্ট দুপুরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুকসহ জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে স্বেচ্ছাসেবক দলের শত শত নেতাকর্মীর অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে জেলা বিএনপির কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মোর্শেদ আযমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শিহাবুজ্জামান শিহাবের সঞ্চালনায় সভায় সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতারা বক্তব্য দেন। বক্তারা বলেন, দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আগামী দিনেও দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে ইউনিট কমিটি গঠন এবং দলীয় কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা। এর আগে জেলার বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা কর্মসূচির স্থলে এসে সমবেত হন। বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে প্রতিষ্ঠাবার্ষিকীর পুরো আয়োজনটি উৎসবমুখর হয়ে ওঠে।