মিহিরুজ্জামান সাতক্ষীরাঃ
ঈদ যত ঘনিয়ে আসছে,ততই জমে উঠছে সাতক্ষীরার আশাশুনি উপজেলার বাজারগুলো। বিশেষ করে জুতার দোকানগুলোতে এখন দেখা যাচ্ছে ক্রেতাদের উপচে পড়া ভিড়। নারী,পুরুষ ও শিশুদের জন্য বিভিন্ন ধরনের জুতা কিনতে সকাল থেকে রাত পর্যন্ত দোকানে ভিড় করছেন ক্রেতারা। কয়েক দিন আগেও বাজারে কেনা কাটার তেমন চাপ না থাকলেও ঈদের প্রস্তুতি শুরু হওয়ায় এখন চিত্র ভিন্ন।
উপজেলার আশাশুনি,বুধহাটা ও প্রতাপনগর সহ বিভিন্ন বাজারের জুতার দোকান গুলোতে এখন ক্রেতাদের ব্যস্ততা চোখে পড়ার মতো। সম্প্রতি আশাশুনি বাজারের কয়েকটি জুতার দোকান ঘুরে দেখা যায়,দোকানের সামনে ও ভেতরে ক্রেতাদের ভিড়। কেউ পছন্দের স্যান্ডেল খুঁজছেন,কেউবা শিশুদের জন্য রঙিন জুতা কিনছেন। দোকানিরা ব্যস্ত সময় পার করছেন ক্রেতাদের জুতা দেখাতে ও মাপ মিলিয়ে দিতে।
দোকানিরা জানান,এবারের ঈদে আরামদায়ক স্যান্ডেল ও হালকা জুতার চাহিদা সবচেয়ে বেশি। বিশেষ করে তরুণ-তরুণী ও শিশুদের জন্য নতুন ডিজাইনের জুতার প্রতি আগ্রহ বেশি দেখা যাচ্ছে। আশাশুনি বাজারে জুতা কিনতে আসা স্থানীয় বাসিন্দা শামিমা খাতুন বলেন, ঈদে পরিবারের সবার জন্য কিছু না কিছু কিনতে হয়। বাচ্চাদের জন্য জুতা কিনতেই হলো। দাম একটু বেশি হলেও ঈদের খুশির জন্য কিনছি।
ব্যবসায়ীরা জানান,গত বছরের তুলনায় জুতার দাম কিছুটা বেড়েছে। কাঁচা মালের দাম বৃদ্ধি ও পরিবহন খরচ বাড়ার কারণে এই দাম বেড়েছে বলে দাবি তাদের। বাজারে বর্তমানে ৩০০ টাকা থেকে শুরু করে ১,২০০ টাকা বা তার বেশি দামের জুতা পাওয়া যাচ্ছে। এক দোকানি বলেন,ঈদের আগে কয়েকটা দিনই আমাদের ব্যবসার মূল সময়। এখন প্রতিদিনই ভালো বিক্রি হচ্ছে। আশা করছি,ঈদের আগের শেষ সপ্তাহে বিক্রি আরও বাড়বে।
বাজার ঘুরে দেখা যায়,নারীদের ফ্যাশনেবল স্যান্ডেল, পুরুষদের ক্যাজুয়াল জুতা এবং শিশুদের রঙিন জুতার প্রতি ক্রেতাদের আগ্রহ সবচেয়ে বেশি। অনেকেই নতুন পোশাকের সঙ্গে মানানসই জুতা খুঁজছেন। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন,ঈদের আগে শেষ কয়েক দিন বাজারে ক্রেতার চাপ আরও বাড়বে। তখন জুতার দোকান গুলোতে বিক্রি কয়েকগুণ বাড়ার সম্ভাবনা রয়েছে। ঈদের আনন্দ ভাগা ভাগি করতে তাই এখন থেকেই আশাশুনি উপজেলার বাজার গুলোতে বইছে উৎসবের আমেজ। নতুন পোশাকের সঙ্গে মানান সই জুতা কিনতে ব্যস্ত সময় পার করছেন ক্রেতারা।