ঝালকাঠি প্রতিনিধি:
ইলিশের উৎপাদন বৃদ্ধি ও সংরক্ষণে সচেতনতা বাড়াতে ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় শুরু হয়েছে ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৬’। ৭ এপ্রিল থেকে ১৩ এপ্রিল পর্যন্ত দেশব্যাপী পালিত এ কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সকালে ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা মৎস্য কর্মকর্তা মো. এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাওসার আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম, জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সাইয়েদা এবং রাজাপুর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা গৌতম কুমার মন্ডলসহ অন্যান্য কর্মকর্তারা।
বক্তারা বলেন, ইলিশ দেশের জাতীয় মাছ এবং জাতীয় অর্থনীতিতে এর গুরুত্ব অপরিসীম। ইলিশের টেকসই উৎপাদন নিশ্চিত করতে সরকার সময়োপযোগী ও বাস্তবমুখী নানা কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৬’ পালন করা হচ্ছে।
তারা আরও বলেন, ইলিশ আমাদের সংস্কৃতি, ঐতিহ্য ও কৃষ্টির সঙ্গে গভীরভাবে জড়িত। তাই ইলিশের প্রজননক্ষমতা রক্ষা, নির্দিষ্ট সময়ে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা মেনে চলা, অভয়াশ্রম স্থাপন ও সঠিক ব্যবস্থাপনা এবং মৎস্য সংরক্ষণ আইনের কার্যকর বাস্তবায়ন অত্যন্ত জরুরি।
অনুষ্ঠানে জাটকা সংরক্ষণে সকলের সম্মিলিত প্রচেষ্টা ও জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।