তালাত মাহামুদ, বিশেষ প্রতিনিধি
নরসিংদী জেলা পুলিশের সার্বিক কল্যাণ, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সদস্যদের বিভিন্ন সমস্যা ও সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা করার লক্ষ্যে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি নরসিংদী পুলিশ লাইন্স ড্রিল শেডে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক। সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, বিভিন্ন ইউনিটের ইনচার্জ এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় পুলিশ সদস্যদের পেশাগত দায়িত্ব পালনকালে উদ্ভূত বিভিন্ন সমস্যা, কল্যাণমূলক বিষয়, কর্মপরিবেশের উন্নয়ন, শৃঙ্খলা রক্ষা, জনসেবার মানোন্নয়ন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি মাঠ পর্যায়ে কর্মরত সদস্যদের মতামত, অভিযোগ ও প্রস্তাবনা গুরুত্বের সঙ্গে শোনা হয়।
সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক বলেন, জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনের জন্য পুলিশ সদস্যদের আরও মানবিক, পেশাদার ও জনবান্ধব মনোভাব নিয়ে কাজ করতে হবে। তিনি সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে অর্পিত কর্তব্য পালনের আহ্বান জানান এবং পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিত করতে জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
সভা শেষে কর্তব্যনিষ্ঠা, পেশাদারিত্ব ও বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ইউনিট ও সদস্যদের উৎসাহিত করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
নরসিংদী জেলা পুলিশের এমন নিয়মিত কল্যাণ সভা সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, কর্মস্পৃহা জাগ্রতকরণ এবং জনসেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে সংশ্লিষ্টরা মনে করেন।