মোঃআকাশ আহমেদ,ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন এবং জন্মবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ীর বিভিন্ন ওয়ার্ডে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) হবিরবাড়ী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১০ নং হবিরবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী, হবিরবাড়ী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক এবং ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সম্মানিত সদস্য আলহাজ্ব জিয়াউর রহমান জিয়া।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ভালুকা উপজেলা শাখার সাবেক যুগ্ম আহবায়ক আহমদ আলী কুতুব, হবিরবাড়ী ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মজিবুর রহমান মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান কবির, হবিরবাড়ী ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক আব্দুল করিম, হবিরবাড়ী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের যুবদল কর্মী কাজল রানা এবং হবিরবাড়ী ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি কালাম চিশতীসহ স্থানীয় বিএনপি, যুবদল ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
দোয়া ও মিলাদ মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি দেশ ও জাতির সার্বিক কল্যাণ, অগ্রগতি এবং শান্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়।
উল্লেখ্য, আলহাজ্ব জিয়াউর রহমান জিয়ার উদ্যোগে ১০নং হবিরবাড়ী ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে অত্যন্ত ভাবগাম্ভীর্যের সাথে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।