মোঃ ইসমাইল হোসেন (নীলফামারী প্রতিনিধি): সরকারি ব্যবস্থাপনায় ২০২৭ সালের হজযাত্রী সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে নীলফামারীতে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) সকাল ১০টায় জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে ইসলামিক ফাউন্ডেশন, নীলফামারীর উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন নীলফামারীর উপপরিচালক মোছাদ্দিকুল আলম।
সভায় সরকারি ব্যবস্থাপনায় হজ পালনের বিভিন্ন সুযোগ-সুবিধা,হজ প্যাকেজের বিভিন্ন দিক, হজ ব্যবস্থাপনা ও নিবন্ধন প্রক্রিয়াসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। পাশাপাশি সরকারি ব্যবস্থাপনায় হজ পালনে সাধারণ মানুষকে উৎসাহিত করতে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, সরকারি ব্যবস্থাপনায় হজ কার্যক্রম আরও সহজ, সুশৃঙ্খল ও নিরাপদভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে হজ প্রত্যাশীদের সঠিক তথ্য জানানো এবং তাদের উদ্বুদ্ধ করা প্রয়োজন।
উদ্বুদ্ধকরণ সভায় নীলফামারী জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সরকারি মাধ্যমের অভিজ্ঞ হজ গাইড, আলেম-ওলামা ও হজ প্রত্যাশীগণ উপস্থিত ছিলেন।