বিশেষ প্রতিবেদকঃ
পবিত্র মাহে রমজানের আধ্যাত্মিক তাৎপর্য এবং দেশের গণতান্ত্রিক আন্দোলনের স্মৃতি একসূত্রে গেঁথে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল চট্টগ্রাম মহানগরের উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মরহুম সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত এই মাহফিলে নেতৃবৃন্দ রমজানের আত্মশুদ্ধির শিক্ষা ধারণ করে দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে চট্টগ্রাম মহানগর বিএনপির কার্যালয় নাসিমন ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত এই ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী ওলামা দল চট্টগ্রাম মহানগর শাখার আহ্বায়ক আলহাজ্ব মাওলানা মোহাম্মদ শহীদ উল্ল্যাহ চিশতী। অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব হাফেজ জয়নাল আবেদীন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯ (কোতোয়ালী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবু সুফিয়ান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পবিত্র মাহে রমজান মানবজাতির জন্য রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। এই মাস মানুষকে আত্মশুদ্ধি, তওবা এবং মহান আল্লাহর নৈকট্য লাভের অনন্য সুযোগ এনে দেয়। তিনি বলেন, জাতির এই গুরুত্বপূর্ণ সময়ে দেশ পরিচালনায় ন্যায়, সততা ও দায়িত্বশীলতার চেতনা ধারণ করা প্রয়োজন। দেশের চলমান রাজনৈতিক বাস্তবতায় গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলেও তিনি উল্লেখ করেন।
ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর এবং মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন।
এছাড়া উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী মোজাম্মেল হক, কাজী এম এ হান্নান জিলানী, চাঁদগাঁও থানার আহ্বায়ক মো. আমিন, মাওলানা মো. রোকন, মাওলানা মিজবাহ, মাওলানা আব্দুল হান্নান মিয়াজী, হাফেজ নুর আহমদ কিবরিয়া, হাফেজ মাওলানা মো. হাফিজুর রহমানসহ চট্টগ্রাম মহানগর ওলামা দলের বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।
ইফতার পূর্ব আলোচনা পর্বে বক্তারা সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন, গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম এবং জাতীয় রাজনীতিতে তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পরে বিশেষ মোনাজাতে তাঁর রুহের মাগফেরাত কামনা করা হয় এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করা হয়।