কাজী কেয়া
৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সকল শহীদের রূহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৩ নং ওয়ার্ডের ‘আলোর পথে যুব সংগঠন’-এর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক, টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব এবং ৪৩ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী নাজমুল হোসেন মন্ডল।
প্রধান অতিথির বক্তব্যে নাজমুল হোসেন মন্ডল শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, “গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে শহীদদের এই ত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধাভরে স্মরণ করবে। শহীদদের দেখানো পথ ধরে সামনের দিকে এগিয়ে গিয়ে একটি বৈষম্যহীন, সুন্দর, সমৃদ্ধ ও মানবিক সমাজ গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।”
আলোচনা সভা শেষে গণঅভ্যুত্থানে প্রাণ উৎসর্গকারী সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির উত্তরোত্তর সমৃদ্ধি ও শান্তি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় সংগঠনের স্থানীয় নেতাকর্মী ও এলাকার সর্বস্তরের সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।