খোরশেদ আলম, লোহাগাড়া (চট্টগ্রাম):
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব ইদ্রিস মিয়া। অনুষ্ঠানে চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনজুর আলম তালুকদার ও সদস্য সচিব মোহাম্মদ জমির উদ্দীন চৌধুরীসহ সংগঠনের যুগ্ম আহ্বায়ক, সদস্য এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব ইদ্রিস মিয়া বলেন, স্বেচ্ছাসেবক দল বিএনপির একটি গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন। দেশের গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করে যেকোনো গণতান্ত্রিক আন্দোলনে রাজপথে সক্রিয় ভূমিকা রাখতে হবে।
তিনি আরও বলেন, দলের দুঃসময়ে যারা রাজপথে থেকে আন্দোলন-সংগ্রাম করেছেন, সেই ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করতে হবে। ব্যক্তিগত গ্রুপিং বা বিভাজন সৃষ্টি করে দলের মধ্যে দূরত্ব বাড়ানো যাবে না। ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে কোনো সংগঠন শক্তিশালী হতে পারে না। যোগ্যতা, ত্যাগ, সাংগঠনিক ভূমিকা ও দলের প্রতি আনুগত্যের ভিত্তিতে নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে। কোনো ধরনের গ্রুপিং বা ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে বিএনপির আদর্শ ও দলীয় শৃঙ্খলা মেনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
চট্টগ্রাম দক্ষিণ জেলার বিভিন্ন উপজেলা থেকে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন নিয়ে মিছিল সহকারে র্যালি ও সমাবেশে অংশ নেন। এ সময় নেতাকর্মীদের বিভিন্ন স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।
র্যালিতে লোহাগাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন, সদস্য সচিব রমজানুল কবির জয়, সাইমন সেলিম, মিজানুর রহমান জিসান, আলহাজ্ব খোরশেদ আলমসহ উপজেলা ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তারা স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরে সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার আহ্বান জানান। পাশাপাশি দলের কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়নে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।